২৯শে সেপ্টেম্বর ২০২৪
২৭ ছক্কায় ৩৫০ রান, গল্পটা লিভিংস্টোনের
খেলা ডেস্ক
২০১৫ সালের এপ্রিল। মাত্রই শুরু হয়েছে ইংলিশ ক্রিকেটের নতুন মৌসুম। আর সেই মৌসুমের শুরুতেই হইচই ফেললেন অখ্যাত এক ব্যাটসম্যান। কাউন্টি ক্রিকেট নয়, ঘটনাটি ইংল্যান্ডের ন্যাশনাল ক্লাব চ্যাম্পিয়নশিপের। চেশায়ার কাউন্টির ক্লাব ন্যান্টউইচের এক ব্যাটসম্যান ক্যাল্ডি ক্লাবের বিপক্ষে ১৩৮ বলে করেছেন ৩৫০ রান, হইচই তো হবেই।
ব্যাটসম্যানের নাম লিয়াম লিভিংস্টোন। ২১ বছরের লিভিংস্টোন অমানুষিক সেই ইনিংস খেলার পথে মেরেছিলেন ৩৪টি চার ও ২৭টি ছক্কা।
বিস্ফোরক সেই ইনিংস খেলার পর লিভিংস্টোন বিবিসি স্পোর্টকে বলেন, ‘১০০ হওয়ার পর আমি প্রতি বলেই ছক্কা মারার চেষ্টা করেছি। ৩ শর কাছাকাছি যাওয়ার পর মনে হলো, বিশেষকিছু হতে যাচ্ছে।’ লিভিংস্টোনের সেই ম্যাচে ৭ উইকেটে ৫৭৯ রান করে তাঁর দল, এরপর প্রতিপক্ষকে ৭৯ রানে অলআউট করে জেতে ৫০০ রানে।
সাড়ে নয় বছর পরও যে সেই লিভিংস্টোনের প্রতি বলেই ছক্কা মারার ইচ্ছে মরে যায়নি, সেটির প্রমাণ আবার পাওয়া গেল শুক্রবার রাতে। ক্রিকেট তীর্থ লর্ডসে তা খুব ভালোভাবে টের পেয়েছেন অস্ট্রেলিয়ার বোলাররা। ২৭ বলে খেলা ৬২ রানের ইনিংসে ৭টি ছক্কা মেরেছেন ৩১ পেরোনো এই ক্রিকেটার। ৭ ছক্কার চারটিই আবার লিভিংস্টোন মেরেছেন মিচেল স্টার্কের করা ইনিংসের ৩৯তম ওভারে। বৃষ্টিতে ৩৯ ওভারে নেমে আসা ম্যাচের সেই ওভারে মোট ২৮ রান তুলে অস্ট্রেলিয়াকে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডও উপহার দিয়েছেন লিভিংস্টোন। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার এটাই যে সবচেয়ে ব্যয়বহুল ওভার।


