সোমবার ২০শে এপ্রিল ২০২৬ | ৭ই বৈশাখ ১৪৩৩

অনলাইন ভার্সন

২৯শে সেপ্টেম্বর ২০২৪

নিয়োগ

৪৩তম বিসিএস থেকে সহকারী শিক্ষক হলেন ১৩৮ জন, বেতন দশম গ্রেডে

চাকরি-বাকরি প্রতিবেদক

৪৩তম বিসিএস থেকে নন–ক্যাডারে ১৩৮ জনকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশের পরিপ্রেক্ষিতে ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের সুপারিশপ্রাপ্ত ১৩৮ জনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হলো। সহকারী শিক্ষক পদে (দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার) জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে দশম গ্রেডে বেতন পাবেন তাঁরা। এ গ্রেডে বেতন স্কেল হলো ১৬,০০০–৩৮,৬৪০ টাকা।

১৩৮ জনের মধ্যে ভূগোল বিষয়ে ৪০ জন, ধর্ম বিষয়ে ১৫, বাংলা বিষয়ে ৩৪ ও জীববিজ্ঞান বিষয়ে ৪৯ জন সহকারী শিক্ষক পদে নিয়োগ পেয়েছেন। যোগদানের পর এসব প্রার্থীকে দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে।

নিয়োগপ্রাপ্ত কোনো সহকারী শিক্ষকের স্বাস্থ্য পরীক্ষা ও প্রাক্‌-জীবন বৃত্তান্ত (পুলিশ ভেরিফিকেশন) প্রতিবেদনে কোনোরূপ বিরূপ মন্তব্য বা আপত্তি থাকলে নিয়োগ আদেশ বাতিল হবে। চাকরিতে যোগদানের সময় যোগদানপত্রের সঙ্গে ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড সম্পাদন করতে হবে যে তিনি নিজের বা পরিবারের অন্য সদস্যদের জন্য কোনো যৌতুক নেবেন না এবং কোনো যৌতুক দেবেন না।

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত
প্রিন্ট সর্বাধিক