সোমবার ২০শে এপ্রিল ২০২৬ | ৭ই বৈশাখ ১৪৩৩

অনলাইন ভার্সন

২৯শে সেপ্টেম্বর ২০২৪

আমার বন্ধু দেখিয়ে দিল, দেশের জন্য সে জীবনও দিতে পারে

স্বপ্ন নিয়ে ডেস্ক

২০১৩ সালের মার্চে তানজিমের সঙ্গে আমার প্রথম দেখা। পাবনা ক্যাডেট কলেজের মিলনায়তনে। ভর্তির জন্য অপেক্ষা করছিলাম। দেখলাম ছোটখাটো একটা ছেলে সোফায় বসে গেম খেলছে। ওর আম্মু আমাকে বললেন, ‘বাবা, আমার ছেলেটা একটু ছোট তো, তোমরা একসঙ্গে মিলেমিশে থেকো।’

আমাদের ক্যাডেট লাইফ শুরু হলো। কলেজে তানজিমের ক্যাডেট নম্বর ছিল ১৮২৮। আবিষ্কার করলাম, দেখতে ছোট হলেও তানজিম কথা বলে বড়দের মতো। ক্লাস সেভেনের ট্যালেন্ট শোতে আমরা একসঙ্গে গাইলাম, ‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই।’ সেই থেকে বন্ধুত্ব। আজ যখন এই লেখা লিখছি, তখন তানজিমই আর আমাদের মধ্যে নেই। সবার কাছে তাঁর পরিচয়—দেশের জন্য, জাতির জন্য জীবন উৎসর্গ করা বীর। যেই বীরের উচ্চতা আজ আর কোনো মাপকাঠিতেই মাপা যাবে না। আজ গর্ব নিয়ে বলতে পারি—তানজিম আমার বন্ধু, আমার হাউজমেট, আমার ভাই।

বন্ধু তানজিমের সঙ্গে লেখক (ডানে)

বন্ধু তানজিমের সঙ্গে লেখক (ডানে)

ছবি: সংগৃহীত

তানজিম সব পারে

ক্লাস এইট-নাইনের একটা দীর্ঘ সময় আমার রুমমেট ছিল তানজিম। ক্যাডেট কলেজের ধরাবাঁধা নিয়মের বেড়াজালের মধ্যে থেকেই আমরা জীবনটা উপভোগ করছিলাম নিজেদের মতো করে। ক্লাস নাইনে দুজনই সাইয়েদ আব্দুল্লাহ ভাইয়ের হাউজে ছিলাম। ভাইয়া খুব স্নেহ করতেন। কলেজে পড়াশোনার পাশাপাশি হাউসভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা হতো। বাগান করা, দেয়ালপত্রিকা তৈরি, খেলাধুলা, নানা কিছু। আমরা দুই বন্ধু মিলে রাতের পর রাত জেগে বিভিন্ন হাউজের কাজ করতাম।

আমার বন্ধুটির মুখে সব সময় থাকত হাসি। দল বেঁধে লুকিয়ে আম–জাম চুরি করতে যেতাম। আমাদের এই বাঁদরামি পার্টির লিডার ছিল তানজিম। কখনো ভাবিনি, ওর হাসিমুখ আর দেখা হবে না।

‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই’—গেয়েছিলেন দুই বন্ধু মিলে

‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই’—গেয়েছিলেন দুই বন্ধু মিলে

ছবি: সংগৃহীত

দশম শ্রেণিতে পড়ার সময় আমার আর তানজিমের ওপর একবার হাউজের ওয়াল ম্যাগাজিনের বুকলেটে ক্যালিগ্রাফি আর ডিজাইন করার দায়িত্ব পড়ল। সেখানে একটা নিবন্ধে বাঘের ছবি আঁকতে গিয়ে যা এঁকেছিলাম, সেটা বাঘ না গরু না অন্য কোনো প্রাণী, বোঝা যাচ্ছিল না। তানজিমের আঁকার হাত ছিল দারুণ। ছবিটা একটু ঠিকঠাক করতে তাই ওকে দিয়েছিলাম। উল্টো ছবিটাকে ও আরও মজার বানিয়ে ফেলেছিল। ওই ছবি নিয়ে আমাদের হাউজের বড় ভাইদের মধ্যে বেশ একটা হাসিঠাট্টা হয়েছিল। ভাইয়ারা ভেবেছিলেন, ছবিটা তানজিমেরই আঁকা। আমিও আসল ঘটনা চেপে গিয়েছিলাম বেমালুম। কলেজ ছাড়ার পরও ভাইদের সঙ্গে কোনো না কোনো আয়োজনে দেখা হলে সেই ঘটনার স্মৃতিচারণা করে আমরা খুব মজা করতাম।

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত
প্রিন্ট সর্বাধিক